
(৩ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ৩:৪৫ অপরাহ্ন
রাজবাড়ীর পাংশায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম ।
এ ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।
রবিনের পরিবারের অভিযোগ, রাত ১১ টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের সদস্যদের মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।তার ভাই রনি গতকাল রাতে পুইজোর বাজারে আওয়ামীলীগের মিছিল করে। এর পরই তাদের বাড়িতে হামলা হয়।
ওসি শেখ মঈনুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনা স্থলে যায়। এখনো ওই বাড়িতে পুলিশ সদস্যরা আছে। আমরা রাতেই মামলা দিতে বলেছিলাম কিন্তু তারা বলেছে সকালে মামলা করবে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।