
(২৩ মিনিট আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ৭:১০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়নিক সার না পেয়ে এক সার ডিলারের গুদামে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কালু নামে ডিলারের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ইটের আঘাতে তাঁর মাথা ফেটে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলার।
জানা গেছে, সার নিতে এসে কাঙ্ক্ষিত সার না পেয়ে একদল ক্ষুব্ধ কৃষক ডিলারের গুদাম লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় গুদামের কর্মচারী কালু ইটের আঘাতে মাথায় গুরুতর জখম হন। পরে তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সার ডিলারের কর্মচারী আহত হওয়ার বিষয়ে এখনো তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশ পরিদর্শন করছে বলেও জানান তিনি।
সার না পাওয়াকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।