
(১৮ মিনিট আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ৭:১৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পাবনার আটঘরিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে উপস্থিত হন তিনি। এ সময় পাসপোর্ট ও ভিসা যাচাই করে তার বিরুদ্ধে দুটি মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
জাহাঙ্গীর হোসেন পাবনা জেলার আটঘরিয়া থানার বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে এবং পাবনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক তুহিন মিয়া জানান, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে গত ১৭ আগস্ট আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুটি মামলা দায়ের হয়। তার পাসপোর্ট নম্বর A03250974 এবং ভ্রমণ ভিসা নম্বর VN3747122।
আটক জাহাঙ্গীর হোসেনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।