
(১ সপ্তাহ আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ৮:০৬ অপরাহ্ন
খুলনার ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সাইফুল নামের এক পল্লিচিকিৎসককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে সেখানে ফেলে রেখে যায় হামলাকারীরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
আহত সাইফুলের বাড়ি বাগেরহাটের যাত্রাপুর এলাকায়। তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক। তাঁর স্ত্রী-সন্তান নেই। ছোট ফুফু তাঁর দেখভাল করেন। এ ছাড়া তাঁর ছোট ভাই ফকিরহাটের ব্র্যাক অফিসের পাশে বসবাস করেন।
আহতের ছোট ভাই জানান, ঘটনার দিন দুপুরে সাইফুলকে এক পোটলা বাদাম দিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর সাইফুল কোথায় গিয়েছিলেন, তা তাঁদের জানা নেই। পরে কে বা কারা তাঁকে কুপিয়ে ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে গেছে বলে তাঁরা জানতে পারেন।
তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।