banglahour

শিবগঞ্জ সীমান্তে ২৫ গ্রাম হেরোইনসহ আটক ৩, জব্দ ২ ইজিবাইক

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত দুটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। জব্দ করা হেরোইন ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাঁচটিকরী গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. মাসুদ রানা আসিক (৩০), সুরানপুর গ্রামের মো. আনোয়ার আলীর ছেলে মো. এনায়েতুল্লা শিমুল (২০) এবং বিরেশ্বরপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫)।

অভিযানে তাদের সঙ্গে থাকা দুটি ইজিবাইকও জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল