banglahour

মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেপ্তার ৫

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৫ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:১৪ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। পরে বিকেল পাঁচটার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার অন্য চারজন হলেন তারাটি পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে ও তারাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক (৪৭), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে রাশেদ (৪২), খেরুয়াজানি গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ সায়িম খান (২৩) এবং ময়মনসিংহ সদর উপজেলার আর কে মিশন রোড এলাকার মৃত বাবুলের ছেলে মহিন হোসেন (২২)। গ্রেপ্তার জাহিদুল ইসলাম বিটুল (৩৫) তারাটি পূর্বপাড়া গ্রামের মৃত মোতালেবের ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনা করতে কয়েকজন গোপন বৈঠকে বসেছেন এমন খবর পেয়ে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করেন। পরে তারা মুক্তাগাছা ও ময়মনসিংহ সদর থানায় খবর দেন। দুই থানার মধ্যে সমন্বয়ের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।


ওসি আরও বলেন, জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, মিছিল-সমাবেশ এবং গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও এসব কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।


পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাদের মুক্তাগাছায় নাশকতার পরিকল্পনা ও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে সক্রিয় অন্য ব্যক্তিদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তারা।
ওসি কামরুল ইসলাম বলেন, বিটুলের কাছ থেকে আরও তথ্য জানতে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নাশকতার পরিকল্পনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল