
(৪ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১১:১২ অপরাহ্ন
পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে 'গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স'-এর প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। বর্জ্যকে শুধু ফেলে দেওয়ার বস্তু হিসেবে না দেখে একে সম্পদ, শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর অংশ হিসেবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ কথা বলেন ডা. জুবাইদা রহমান।
‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ শীর্ষক এই আন্তর্জাতিক বৈঠকে সভাপতিত্ব করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। বক্তব্যের শুরুতেই ডা. জুবাইদা রহমান বৈঠক আয়োজনের জন্য এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান এবং বর্জ্যমুক্ত বিশ্ব গড়ার অভিযানে তাঁর গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, এই বৈশ্বিক উদ্যোগটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার সরকারের লক্ষ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কৌশল তুলে ধরে তিনি জানান:
প্লাস্টিক দূষণ কমানোর বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জলাশয় পরিষ্কার রাখার পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেন। একই সাথে সম্মেলনের 'গ্রিন জোনে' অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য বৈশ্বিক প্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এছাড়া ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন।
একটি জিরো-ওয়েস্ট বিশ্ব গড়তে বৈশ্বিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ডা. জুবাইদা রহমান বলেন, কোনো দেশের পক্ষে একা এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন:
১. সাশ্রয়ী ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন
২. পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি
৩. বেসরকারি খাতের অংশীদারিত্ব এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা
বক্তব্যের শেষাংশে তরুণদের পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, "পরিবেশগত সচেতনতার পাঠ শুরু হতে হবে ঘর, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা শুধু ভবিষ্যতের নেতা নয়, তারা বর্তমান সমস্যা সমাধানেরও মূল কারিগর।" বর্জ্যকে সম্পদে এবং পরিবেশগত প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি।