banglahour

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর

সারাদেশ | শাহরিয়ার রহমান। স্টাফ রিপোর্টার

(৩৫ মিনিট আগে) ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৭ অপরাহ্ন

দেশের স্বাস্থ্যসেবা ও পুষ্টি খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা। তাঁরা বলেছেন, ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চাহিদা পূরণ এবং সবার জন্য মানসম্মত ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ প্রয়োজন।

গত ৯ নভেম্বর রাজধানী ঢাকায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের (ব্র্যাক জেপিজিএসপিএইচ) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে লালমনিরহাট শহরে বাস্তবায়িত ‘হেলদি ভিলেজ’ পদ্ধতির কার্যকারিতা নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণাটির শিরোনাম ছিল ‘ফ্রম সিস্টেমস টু কমিউনিটিজ: আন্ডারস্ট্যান্ডিং পাথওয়েজ অব চেঞ্জ ইন দ্য হেলথ ভিলেজ ইন আরবান প্রোগ্রাম’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. রিজওয়ানুর রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্য ও পুষ্টি খাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য। বিদ্যমান স্বাস্থ্যকর্মী ও সেবাদানের সক্ষমতা ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। এ পরিস্থিতিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি ও মান বাড়ানো সম্ভব। তবে বেসরকারি খাতের কার্যক্রম সরকারি নীতিমালা, কর্মসূচি ও উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক ড. মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো স্বাস্থ্যসেবার জন্য বেসরকারি সেবাদানকারীদের ওপর নির্ভরশীল। তাই সবার জন্য সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং জাতীয় স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে তাদের কার্যকরভাবে সম্পৃক্ত করা জরুরি।

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ড. লরা রাইখেনবাখ বলেন, গবেষণায় দেখা গেছে, স্থানীয়ভাবে প্রশিক্ষিত নারীরা সাধারণ পরিবার ও সরকারি স্বাস্থ্যব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারেন। তিনি বলেন, নীতিনির্ধারণ, কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্পের অর্থায়ন শেষ হওয়ার পরও প্রয়োজনীয় পুষ্টিসেবা অব্যাহত রাখতে একাডেমিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এ.টি.এম. তারিকুল ইসলাম বলেন, প্রমাণভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাঁদের প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। ব্র্যাক জেপিজিএসপিএইচের সঙ্গে পরিচালিত গবেষণাটি দেখিয়েছে, বেসরকারি খাত ও প্রান্তিক পর্যায়ের নারী ক্ষুদ্র উদ্যোক্তারা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এ ধরনের উদ্যোগ কীভাবে টেকসই করা যায়, সে বিষয়েও গবেষণাটি দিকনির্দেশনা দিয়েছে।

গবেষণায় মিশ্র পদ্ধতি (মিক্সড মেথডস) অনুসরণ করে দেখানো হয়েছে, স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা সামাজিক আস্থা ও পারস্পরিক সম্পর্ক শিশুদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। লালমনিরহাটে ইন্টারপ্রেনাররা নিয়মিত বাড়ি পরিদর্শন, রান্নার প্রদর্শনী আয়োজন এবং সঠিক পদ্ধতিতে শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর বিষয়ে সহযোগিতার মাধ্যমে মায়েদের পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন।

গবেষণার মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরতে অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারপ্রেনার (এইচপিএ) লতা রানী। তিনি স্থানীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কমিউনিটির মানুষের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল