
(১১ ঘন্টা আগে) ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৯ অপরাহ্ন
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ও আর্থিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে উভয় নেতা রোহিঙ্গা সংকট সমাধান, জলবায়ু অভিযোজন কার্যক্রমে অর্থায়ন, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গাকে তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন এবং এক্ষেত্রে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ গত প্রায় এক দশক ধরে মানবিক কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘমেয়াদি এই অবস্থানের ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি এটি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সংকুচিত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে তিনি সতর্ক করেন।
বৈঠকের শেষে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ, মানবিক সংকট নিরসন, নিরাপদ অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।