
(১৭ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৪:২৫ অপরাহ্ন
দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’। দীর্ঘ প্রতীক্ষার পর সারা দেশের প্রায় ৩৭টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এবং পরিবেশনা করছে অভি কথাচিত্র। ‘জান্নাত’ সিনেমার পর এই নির্মাতার সঙ্গে সাইমন-মাহি জুটির এটি দ্বিতীয় কাজ।
সাইমন সাদিক ও মাহিয়া মাহি ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জয় চৌধুরীকে।
প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত ১৯৯৭ সালের কালজয়ী ‘আনন্দ অশ্রু’ সিনেমার সঙ্গে নামের মিল থাকলেও এটি কোনো রিমেক বা সিক্যুয়েল নয়। নির্মাতা জানিয়েছেন, এটি সম্পূর্ণ মৌলিক গল্পের একটি রোমান্টিক সিনেমা।
সিনেমাটি মুক্তির সময় এর প্রধান দুই অভিনয়শিল্পীই দেশের বাইরে অবস্থান করছেন। নায়িকা মাহিয়া মাহি বর্তমানে ভারতে এবং নায়ক সাইমন সাদিক যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সিনেমার প্রচারণায় অংশ নিচ্ছেন।