banglahour

ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক; পাট ও ওষুধ আমদানির আহ্বান

জাতীয় | মো মির্জা আসাদুজ্জামান। বিশেষ প্রতিনিধি।

(১০ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১১:৪৭ অপরাহ্ন

 

​তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক এবং মানসম্মত ওষুধ আমদানি বাড়াতে ইসোয়াতিনির প্রতি আহ্বান জানান।

​পাট ও পোশাক খাত: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করায় ইসোয়াতিনি সরকারের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য ব্যবহারের প্রস্তাব দেন তিনি এবং ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান। এছাড়া বাংলাদেশের পরিবেশবান্ধব ও সাশ্রয়ী তৈরি পোশাক আমদানির বিষয়েও আলোচনা হয়।

​ওষুধ রপ্তানি: ইসোয়াতিনির স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা তুলে ধরে শামা ওবায়েদ জানান, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সাশ্রয়ী ও মানসম্মত ওষুধ রপ্তানি করছে এবং ইসোয়াতিনিকেও এ ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।

​জলবায়ু ও রোহিঙ্গা ইস্যু: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা জানান প্রতিমন্ত্রী। জলবায়ু ইস্যুতে দুই দেশের অভিন্ন অগ্রাধিকারের কথা উল্লেখ করে আগামী কপ-৩২ (ইথিওপিয়া) সম্মেলন পর্যন্ত পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন দুই নেতা। পাশাপাশি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইসোয়াতিনির অব্যাহত সমর্থন কামনা করেন শামা ওবায়েদ।

​বৈঠক শেষে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাটের কাপড়ে তৈরি একটি জ্যাকেট উপহার দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইসোয়াতিনির প্রধানমন্ত্রী এ উপহারের প্রশংসা করেন এবং পাটপণ্যের বিশ্বব্যাপী প্রচারে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল