banglahour

‘সেদিন কিছুই ঘটেনি, নানাকে অকারণে ভুগতে হয়েছে’, তনুশ্রীর অভিযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য মহেশ মাঞ্জরেকরের

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(১৫ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ২:৪৯ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের সঙ্গে বিতর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা নানা পটেকর। সেই পুরনো বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকর। তিনি বলেন, ঘটনাটির সময়ে ছবির সেটে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের অনেকেই তাঁকে সবটা জানিয়েছিলেন। তিনি দাবি করেন, সে দিন নাকি আদৌ কিছু ঘটেনি। অকারণেই নানা পটেকরকে এতটা ভুগতে হয়েছিল বলে মনে করেন মহেশ।

মারাঠি ছবি ‘নটসম্রাট’-এ নানা পটেকরের সঙ্গে কাজ করেছিলেন মহেশ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতাকে নিয়ে কথা বলতে গিয়ে তনুশ্রীর অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। সাক্ষাৎকারে মহেশ বলেন, “সে দিন কী হয়েছিল, তা আমি জানি। ছবির সেটে যাঁরা ছিলেন, তাঁদের প্রায় প্রত্যেককে আমি চিনতাম। কারা উপস্থিত ছিলেন, সেটাও জানি। অকারণেই বিষয়টিকে বড় করে দেখানো হয়।”

মহেশ আরও দাবি করেন, “সেটে উপস্থিত প্রায় সকলেই বলেছিলেন, সে দিন কিছুই ঘটেনি। একেবারেই কিছু হয়নি। নানা অকারণে অনেক কষ্ট পেয়েছিল। এ ধরনের বিষয় এড়িয়ে যাওয়াই ভাল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকেরই নিজস্ব মতামতের সুযোগ রয়েছে। এর কোনও প্রতিকার নেই।”

উল্লেখ্য, ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময়ে নানা পটেকরের বিরুদ্ধে অভিযোগ আনেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ‘হর্ন ওকে প্লিজ়’ ছবির একটি গানের শুটিং চলাকালীন নানা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন বলে দাবি করেন তনুশ্রী। অভিযোগের পরে গানটির শুটিং ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী। পরবর্তীতে তনুশ্রীর পরিবর্তে অভিনয় করেন রাখী সাওয়ান্ত। যদিও তনুশ্রীর সব অভিযোগ অস্বীকার করেন নানা।

২০১৮ সালের অক্টোবর মাসে নানা পটেকর এবং নৃত্য পরিচালক গণেশ আচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তনুশ্রী। ২০১৯ সালে পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলাটি বন্ধ হয়ে যায়।

গত মাসে নানা পটেকরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তনুশ্রী। সেখানে অভিনেত্রী জানান, খবরটি তিনি শুনেছেন। তবে সে দিন তাঁর লক্ষ্ণৌতে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল।

তনুশ্রী বলেন, “আজ আমার কাজের দিন।লক্ষ্ণৌতে একটি বড় অনুষ্ঠানে যাচ্ছি। গোটা দিনের পরিকল্পনা আগে থেকেই করা ছিল। এমন একটা দিনে এই ঘটনা ঘটল, ভাবতেই পারছি না।”
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল