banglahour

এটিএন ফোক স্টুডিও থেকে কাজল আরিফের ‘কেমন ভালোবাসো বন্ধু’

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(১২ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৫:৫৭ অপরাহ্ন

এটিএন ফোক স্টুডিও থেকে নতুন সংগীতায়োজনে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী কাজল আরিফের তুমুল জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। নতুন আঙ্গিকে গানটি শ্রোতাদের সামনে তুলে ধরেছেন এই শিল্পী।

গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর এবং সুর করেছেন মান্নান মোহাম্মদ। নতুন সংস্করণটির সংগীতায়োজন করেছেন সানি মোহাম্মদ।

নতুন করে গানটি গাওয়া প্রসঙ্গে কাজল আরিফ বলেন, “আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদের সুরে এবং তত্ত্বাবধানে নতুন করে ‘কেমন ভালোবাসো বন্ধু’ গানটি গাইতে পেরে সত্যিই ভালো লাগছে। এটিএন পরিবারকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।  গানটি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রথমবার প্রকাশিত হয়েছিল ‘কেমন ভালোবাসো’ গানটি। সে সময় গানটির সংগীত পরিচালনা করেছিলেন সালমান জাইম এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৌমিত্র ঘোষ ইমন। প্রকাশের পর গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছিল।

দেশের সংগীতাঙ্গনে কাজল আরিফ ইতোমধ্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ২০১৩ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর থেকে নিয়মিত স্টেজ মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই শিল্পী।

কাজল আরিফের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নছেঁড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাসো’ এবং ন্যান্সির সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘বর্ষাবরণ’।

নতুন সংগীতায়োজনে ‘কেমন ভালোবাসো বন্ধু’ গানটি শ্রোতাদের মাঝে আবারও নতুন করে সাড়া ফেলবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল