banglahour

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবারও জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৯ ঘন্টা আগে) ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আবারও বহিষ্কার করা হয়েছে ডা. ইসমাইল হোসেনকে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড এবং সংগঠনের অভ্যন্তরে বিরোধ ও সংঘাত সৃষ্টির অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা জামায়াত।

রোববার (১৫ নভেম্বর) জেলা জামায়াতের মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের অভ্যন্তরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘাত সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগ সাংগঠনিকভাবে পর্যালোচনা ও তদন্তের পর দলীয় শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা জামায়াতের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারের পর থেকে ডা. ইসমাইল হোসেন জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে পারবেন না। সংগঠনের নাম ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা কিংবা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণেরও সুযোগ থাকবে না।

এ ছাড়া সংগঠনের কোনো পর্যায়ের জনশক্তি তার পক্ষে কথা বলতে পারবেন না এবং তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও রাখতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের এ সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ডা. ইসমাইল হোসেনকে ঘিরে সাম্প্রতিক সময়ে সাংগঠনিক ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এরই মধ্যে নতুন করে বহিষ্কারের সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল