banglahour

২৪ দিনের অবরোধে স্থবির সাজেক: পর্যটক শূন্যতায় দিশেহারা ব্যবসায়ী ও স্থানীয়রা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ৮:৫৭ অপরাহ্ন


টানা ২৪ দিনের অবরোধের কবলে পড়ে চরম স্থবিরতা নেমে এসেছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে। প্রায় এক মাস ধরে পর্যটক যাতায়াত বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি ও জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। চরম আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কটেজ-রিসোর্ট মালিক এবং সাধারণ অধিবাসীরা।


সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের কারণে সাজেকের ব্যস্ত সড়ক, বাজার ও দোকানপাট এখন প্রায় জনশূন্য। স্থানীয় হাট-বাজারগুলোতে ক্রেতা সমাগম না থাকায় পাহাড়ি জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ও দৈনন্দিন আয়-রোজগার চরমভাবে ব্যাহত হচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের হোটেলগুলোতেও কোনো বেচাকেনা নেই।


পর্যটন খাত সংশ্লিষ্টরা জানান, সাজেককে ঘিরে গড়ে ওঠা কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো টানা বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। অগ্রিম বুকিং বাতিল হওয়া, পর্যটকদের টাকা ফেরত দেওয়া এবং ব্যাংক ঋণ ও দেনা পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


সাজেক এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরানোসহ বেশ কয়েকটি দাবিতে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী এসোসিয়েশন’-এর ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। তবে স্থানীয় কয়েকটি সূত্রের অভিযোগ, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর ইন্ধনেই মূলত এই সংকট তৈরি করা হয়েছে। এছাড়া অবরোধের শুরুতে নিরাপত্তা বাহিনী ও পর্যটকদের ওপর হামলার পাশাপাশি সাজেক ভ্রমণ না করার জন্য কয়েক দফায় হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে অবরোধকারীদের বিরুদ্ধে।


স্থানীয় অধিবাসীদের মতে, সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই দুই আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফ-এর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চলছে। এলাকায় চাঁদাবাজি, অপহরণ এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংগঠন দুটির মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে। আঞ্চলিক এই অস্থিরতা ও অবরোধের জাঁতাকলে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও পর্যটন ব্যবসায়ীদের। দ্রুত এই অচলাবস্থা নিরসন করে সাজেকে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল