banglahour

বিখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্তের প্রয়ান দিবস আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(৬ ঘন্টা আগে) ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:১৫ অপরাহ্ন

সুভাষ দত্ত ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রশিল্পী ও অভিনেতা। ষাটের দশক থেকে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি কিংবদন্তি হয়ে আছেন।

১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরের মুন্সিপাড়ায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলার চকরতি গ্রামে হলেও তিনি বেড়ে উঠেছেন পুরান ঢাকার রামকৃষ্ণ মিশন রোডের বাড়িতে।

সুভাষ দত্তের পেশাগত জীবন শুরু হয় বাণিজ্যিক চিত্রশিল্পী হিসেবে সিনেমার পোস্টার এঁকে। এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর পোস্টার ডিজাইনার হিসেবে তিনি কাজ করেছিলেন।

১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' দেখে তার মনে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ তৈরি হয়। সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও তার কাজের প্রভাবের কারণে চলচ্চিত্র অঙ্গনে তিনি 'দত্তজিৎ' নামে পরিচিত ছিলেন।

এহতেশাম পরিচালিত 'এ দেশ তোমার আমার' চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি 'রাজধানীর বুকে', 'সূর্যস্নান', 'হারানো দিন' এবং 'রূপবান'-সহ বহু চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে প্রশংসিত হন।

'মাটির পাহাড়' চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের পর ১৯৬৪ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র সুতরাং। এই সিনেমার মাধ্যমেই কিংবদন্তি অভিনেত্রী কবরীর চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়ায়।

সুভাষ দত্ত পরিচালিত কালজয়ী সিনেমাগুলোর মধ্যে 'সুতরাং', 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী', 'আবির্ভাব', 'বিনিময়', 'বসুন্ধরা', 'ডুমুরের ফুল', 'আয়না ও অবশিষ্ট' এবং 'কাগজের নৌকা' অন্যতম।

বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৭ সালে শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক-এ ভূষিত করে।

২০১২ সালের ১৬ নভেম্বর সকালে ঢাকার রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসভবনে ৮২ বছর বয়সে এই গুণী শিল্পী মৃত্যুবরণ করেন।

বিখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্তের প্রয়ান দিবসে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল