banglahour

৭৩ পেরিয়ে ৭৪-এ পা দিলেন 'গানের রানী' খ্যাত রুনা লায়লা

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১৩ ঘন্টা আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:০০ অপরাহ্ন

রুনা লায়লা বাংলাদেশের একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সুরকার। তিনি 'সুরসম্রাজ্ঞী' বা 'গানের রানী' হিসেবে পরিচিত। ছয় দশকেরও বেশি সময়ের সংগীত জীবনে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও পাঞ্জাবিসহ মোট ১৮টি ভাষায় ১৩ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

১৯৫২ সালের ১৭ নভেম্বর আজকের এই দিনে সিলেটে জন্ম হয় রুনা লায়লার। তাঁর বাবা সৈয়দ মোহাম্মদ ইমদাদ আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা আমিনা লায়লা ছিলেন একজন সংগীতশিল্পী।

কিশোরী বয়সেই রুনা লায়লা চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। ১৯৬৫ সালে উর্দু চলচ্চিত্র জুগনু-তে গান গাওয়ার মাধ্যমে প্লেব্যাক-এ যাত্রা শুরু হয় তাঁর এবং সুবল দাসের সুরে স্বরলিপি চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমায় প্রথম কণ্ঠ দেন রুনা লায়লা।

কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি একজন সফল সুরকার। তাঁর সুরে আশা ভোঁসলে, হরিহরণ ও রাহাত ফতেহ আলী খানের মতো কিংবদন্তি সংগীতশিল্পীরা গান গেয়েছেন। এ ছাড়া তিনি চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ রুনা লায়লা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক অর্জন করেছেন। এ ছাড়া শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে ৮ বার এবং একটি সিনেমার গল্প চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। ভারত থেকে সায়গল অ্যাওয়ার্ড এবং পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ডসহ দেশ-বিদেশে তাঁর ঝুলিতে প্রায় ৩০০টি পুরস্কার রয়েছে।

চলচ্চিত্র, আধুনিক, গজল ও লোকসংগীত-সব ধারাতেই তিনি অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তাঁর কয়েকটি বিখ্যাত গান হলো:

• বাংলা গান: সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, যখন থামবে কোলাহল, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে এবং শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো।

• হিন্দি ও উর্দু গান: দমাদম মাস্ত কালান্দার, ও মেরা বাবু চেল চাবিলা এবং গুড়িয়াসি মুন্নি মেরি।

কিংবদন্তি সংগীত শিল্পী রুনা লায়লার জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল