
(৫ ঘন্টা আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৪৮ অপরাহ্ন
চুয়াডাঙ্গা-দর্শনা জংশনের অদূরে দাঁড়ানো একটি খালী ট্যাঙ্কারবাহী ট্রেনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রাঘাতে ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন লোকোমাস্টার নজরুল ইসলাম (চালক) ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছাকাছি দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনাটি ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি খালি বিটিও (BTO) ট্যাঙ্কারবাহী ট্রেন ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিল। এই সময় দুষ্কৃতিকারীরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন সেট, নগদ টাকা এবং কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলার পর আহত অবস্থাতেই চালকরা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। সেখানে স্থানীয়দের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত জানান, ঘটনার পর থেকে খালি ট্যাঙ্কারবাহী ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনে লুপ লাইনে অবস্থান করছে। আহত চালকরা ট্রেন চালানোর অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটির গন্তব্যস্থল খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা কর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনী ব্যবস্হা নেয়া হবে বলে তিনি জানান।