
(৫ ঘন্টা আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৫০ অপরাহ্ন
সংসদ অধিবেশনে কুমিল্লা-৬ আসনের এমপি প্রধানমন্ত্রী বরাবর কুমিল্লা ইপিজেড এর বর্জ্য নিষ্কাশন পদ্ধতি নিয়ে সংসদে ক্ষোভ ও তদন্তের আবেদনের পর মঙ্গলবার কুমিল্লা ইপিজেড পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ কার্যালয়।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ইপিজেড এর প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল ইপিজেড এর বর্জ্য শোধনাগার বা ইটিপি আউটলেটের তরল বর্জ্য নমুনা, পরিশোধিত নমুনা, সিটি কর্পোরেশনের ড্রেন থেকে তরল নমুনা সংগ্রহ করেছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জমির উদ্দিন বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে ইপিজেড এর তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের নমুনা সংগ্রহ করেছি। যেসব এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায়ও আমরা পরিদর্শন করব এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলব। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিনিধিগন ও আমাদের সাথে আছে তাদেরও মতামত নিব। সব মিলিয়ে একটি পর্যবেক্ষণের পর ফলাফল দেয়া যাবে। তিনি আরো বলেন, ইপিজেড কর্তৃপক্ষ বলছে তারা বর্জ্য পরিশোধন করে সেটি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তাই আমরা তাদেরকে বলেছি কুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধনাগারের আইপি ক্যামেরার ডিসপ্লের সামনে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রদর্শনের করতে। তাহলেই তো সাধারণ মানুষ বুঝতে পারবে যে কুমিল্লা ইপিজেড এর ইটিপি চলমান রয়েছে।
কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, সেন্ট্রাল ইটিপি সিস্টেমের বাইরে আমাদের বর্জ্য নিষ্কাশনের আর কোন পথ নেই। কেউ যদি সেটি দেখাতে পারে তাহলে আমরা বিধি মোতাবেক সিইটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা শতভাগ বর্জ্য পরিশোধন করেই পানি বাইরে ছাড়ি।
তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন চিশতী বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের কোন বর্জ্যের কারণে এই দূষণ হচ্ছে না। কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্যান্য ড্রেনেড শাখা থেকে যে পানি বের হচ্ছে সেগুলো আর ইপিজেড এর ড্রেন থেকে যে পানি বের হচ্ছে সেটির মান পরীক্ষা করে তুলনা করলেই বোঝা যাবে আসলে কোথায় ব্যত্যয় ঘটছে।