banglahour

পঞ্চগড়ে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল আঞ্চলিক ঝাঁক অবকাশ

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম। পঞ্চগড় প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৫২ অপরাহ্ন


চারদিকে ঢেকে দেয়া হয়েছে রঙ্গিন কাপড়ে। উপরে দেয়া হয়েছে সামিয়ানা। আর ভেতরেই এক ঝাঁক হলদে পাখি। সেই হলদে পাখিদের নানা দিকনির্দেশনা দিচ্ছে বৃক্ষ পাখিরা। কোমল হাতে তৈরি করছে ফেলে দেয়া জিনিসপত্র থেকে নানা খেলনা পত্র। কেউ তৈরি করছে সুই সুতা দিয়ে রুমাল। কেউবা আবার শিখছে সমাজে চলতে গেলে পারস্পরিক সম্পর্ক তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা আর আহত হলে নিজের প্রাথমিক  প্রাথমিক চিকিৎসা নিজেই দেয়া। 


আর এই এক ঝাঁক হলদে পাখিদের নিয়েই পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল দুইদিন ব্যাপী ঝাঁক অবকাশ ২০২৬। এই আয়োজনে রংপুর অঞ্চলের ৮ জেলা থেকে অংশ নিচ্ছে ১৪০ জন হলদে পাখি (শিক্ষার্থী) এবং ৩৪ জন বৃক্ষ পাখি (শিক্ষকরা)।

শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চল এই অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে, গতকাল সোমবার সকালে উদ্বোধনী দিনে বাছাই করা পঞ্চগড় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঝাঁক অবকাশের পাখিদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী পর্ব। বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। পরে জাতীয় সংগীত ও বিশ্ব সংগীতের মধ্যে দিয়ে ঝাঁক অবকাশের শুভ সূচনা হয়। দ্বিতীয় দিনে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ উপস্থিত ছিলেন। এই আয়োজনের বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের বন্ধুত্ব তৈরি করা, কিভাবে অসুস্থ হলে নিজেরাই প্রাথমিক চিকিৎসা নিতে পারি, ফেলনা জিনিসপত্র থেকে খেলনা তৈরি করা, কাপড় সুতা দিয়ে রুমাল তৈরি করা সহ নানা কিছু শিখেছি। আমরা এই অনুষ্ঠানকে খুব উপভোগ করছি।

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চল, প্রশিক্ষক সুমাইয়া তাবাসসুম বলেন, শিশুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি গার্ল গাইডিংয়ের আদর্শ ও মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করতে এ আয়োজন।

এ ধরনের আয়োজন শিশুদের মেধা বিকাশে আরো সহায়ক হবে বলে মনে করছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ। 
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মেধাবী বিকাশে ঝাঁক অবকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই সবার সাথে সামাজিকভাবে চলাচল শিখছে, নিজেরা বিভিন্ন ধরনের খেলনা তৈরি করছে, আনন্দ উপভোগ করছে। আমরা বিশ্বাস করি এই মেয়ে শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল