
(১৩ ঘন্টা আগে) ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ১১:৫৬ পূর্বাহ্ন
সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন মৌলিক গান ‘সখী মন বুঝলা না’ প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ভিন্ন আদলে তৈরি এই গানটি গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে ইমরানের নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে মুক্তি পায়।
গুঞ্জন রহমান এর কথা ও সুরে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই।
মিউজিক ভিডিওতে ইমরানের বিপরীতে মডেল হিসেবে অভিনয় করেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী রুবাইয়া এশা। ভিডিওতে নৃত্য পরিবেশন ও কোরিওগ্রাফি করেছে রেনেসাঁ ড্যান্স গ্রুপ।
ব্যয়বহুল ও জমকালো আয়োজনের এই মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। এই কাজের মাধ্যমে দীর্ঘ তিন বছর পর তিনি ইমরানের গানের ভিডিও পরিচালনা করলেন।
প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির সুর, নাচের কোরিওগ্রাফি এবং ভিডিওর নির্মাণশৈলী নিয়ে ভক্তরা ইতিবাচক মন্তব্য করছেন। অনেকেই ইমরানের পুরনো দিনের জনপ্রিয় মিউজিক ভিডিওগুলোর আমেজ এই গানে খুঁজে পেয়েছেন বলে মত দিয়েছেন।
মিউজিক ভিডিওটি ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এবং অডিও ট্র্যাকটি স্পটিফাইসহ অন্যান্য জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।