
(১৮ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন
মরুভূমির বালিয়াড়ির ওপর বিশাল গোলাপি পূর্ণিমার চাঁদ, আর ঠিক তার সামনে দাঁড়িয়ে লম্বা গলার এক জিরাফ। প্রথম দেখায় কোনো সিনেমার দৃশ্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি মনে হলেও এটি শতভাগ বাস্তব। দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী কাইল গোয়েটশের ক্যামেরায় ধরা পড়েছে এই অবিশ্বাস্য ও বিরল মুহূর্ত।
দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমিতে একদল আলোকচিত্রীর কর্মশালা চলাকালে ঘটনাটি ঘটে। গোয়েটশ তাঁর শিক্ষার্থীদের নিয়ে মরুভূমির বালিয়াড়ির ওপর একটি পুরোনো গাছের পেছনে পূর্ণিমার চাঁদ ওঠার দৃশ্য ধারণ করতে গিয়েছিলেন।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ধারণা করেন যে এটি এআই দিয়ে তৈরি। তবে বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই গোয়েটশের; বরং এটিকে একধরনের প্রশংসা হিসেবেই দেখেন তিনি।
তাঁর মতে, এতগুলো উপাদান—মরুভূমির বালিয়াড়ি, গোলাপি পূর্ণিমার চাঁদ এবং ঠিক তার সামনে জিরাফের অবস্থান—একসঙ্গে মিলে যাওয়া অত্যন্ত বিরল। তাই এআই দিয়ে তৈরি বলে সন্দেহ হওয়াটাই ছবির ব্যতিক্রমী সৌন্দর্যের প্রমাণ। তিনি জানান, এই ছবি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ভূমিকা ছিল না, বরং বড় ভূমিকা ছিল ভাগ্যের। পরে আরেকটি জিরাফ এসে প্রথম জিরাফটির গায়ে নাক ঘষে আদর করার মুহূর্তও ক্যামেরাবন্দী করেন তিনি, যা তাঁর প্রিয় ছবিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।
আলোকচিত্রী হওয়ার আগে কাইল গোয়েটশের জীবন ছিল একেবারেই ভিন্ন। কেপটাউন বিশ্ববিদ্যালয় থেকে জীবরসায়নে পিএইচডি করা এই গবেষক অণু ও অণুজীব নিয়ে কাজ করতেন। কিন্তু ২০১৮ সালে এক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে কেপটাউনের সৌন্দর্য ক্যামেরার লেন্সে দেখার পর তাঁর জীবনের মোড় ঘুরে যায়।
এরপর ধীরে ধীরে আলোকচিত্রই হয়ে ওঠে তাঁর পেশা ও নেশা, বিশেষ করে রাতের আকাশের ছবি বা অ্যাস্ট্রোফটোগ্রাফি। কেপটাউনের লায়নস হেড পাহাড়ের ওপর মিল্কিওয়ে বা আকাশগঙ্গার ছবি তুলতে তাঁকে প্রায় পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছিল। কখনো কুয়াশা, কখনো আকাশের অবস্থা, আবার কখনো মিল্কিওয়ের অবস্থানের কারণে বারবার চেষ্টা করেও মনমতো ছবি পাননি; অবশেষে সবকিছু অনুকূলে এলে সেই আলোচিত ছবিটি তুলতে সক্ষম হন তিনি।
সূত্র: সিএনএন