banglahour

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর জন্মদিন আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১৬ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৪ পূর্বাহ্ন

সুবীর নন্দী বাংলাদেশের একজন প্রখ্যাত ও কালজয়ী সংগীতশিল্পী। চার দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি আড়াই হাজারের বেশি আধুনিক, দেশাত্মবোধক, লোকগান ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।

১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নন্দী পাড়ায় জন্মগ্রহণ করেন সুবীর নন্দী। তাঁর বাবা সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক এবং মা পুতুল রানীও গান গাইতেন।

তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বৃন্দাবন সরকারি কলেজে পড়াশোনা করেন। মায়ের কাছে গানের হাতেখড়ির পর তিনি ওস্তাদ বাবর আলী খানের কাছে শাস্ত্রীয় সংগীত এবং বিদিত লাল দাশের কাছে লোকসংগীতের তালিম নেন।

১৯৬৭ সালে সিলেট বেতারে এবং ১৯৭০ সালে ঢাকা রেডিওতে 'যদি কেউ ধূপ জ্বেলে দেয়' গানটির মাধ্যমে তাঁর পেশাদার সংগীতজীবন শুরু হয়। ১৯৭৬ সালে 'সূর্যগ্রহণ' চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্লেব্যাক গায়কের খাতায় নাম লেখান।

কিংবদন্তি সংগীত শিল্পী সুবীর নন্দীর বর্নাঢ্য সংগীত জীবনে তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে : দিন যায় কথা থাকে, আমার এ দুটি চোখ পাথর তো নয়, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, হাজার মনের কাছে প্রশ্ন রেখে, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, কত যে তোমাকে বেসেছি ভালো, একটা ছিল সোনার কন্যা, আমার উড়াল পঙ্খী রে ইত্যাদি।

সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন— মহানায়ক (১৯৮৪), শুভদা (১৯৮৬), শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), মেঘের পরে মেঘ (২০০৪) এবং মহুয়া সুন্দরী (২০১৫) চলচ্চিত্রের জন্য।

দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগে ২০১৯ সালের ৭ মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুবীর নন্দী।

কিংবদন্তি সংগীত শিল্পী সুবীর নন্দীর জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল