
(৬ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৪ অপরাহ্ন
ময়মনসিংহে "সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ" কর্মশালা হয়েছে।
১৭ নভেম্বর (মঙ্গলবার) হতে ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালী হর্টিকালচার সেন্টার এর দুটি প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা শুরু হয়ে আজ (বৃহষ্পতিবার) বিকেলে শেষ হয়।
বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং অন এপ্লাইড নিউট্রিশন (বারটান) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠকর্মীগন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠকর্মীগন, সাংবাদিক, ইমাম ও কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেন।
এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. মাশরুর আহমেদ, উদ্যানতত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা, জেলা মৎস্য কর্মকর্তা ড. আরাফাত উদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন, বারটান এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।
প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি ও ফলিত পুষ্টি, সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, খাদ্য নির্বাচন, খাদ্য সংরক্ষণ, জীবন চক্রে পুষ্টি, জৈব বালাইনাশক ব্যবহার করে , ফসল উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।