banglahour

সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(৬ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৫ অপরাহ্ন

সঞ্জীব চৌধুরী বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, সাংবাদিক ও কবি। তিনি জনপ্রিয় বাংলা ব্যান্ডদল ‘দলছুট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলা গানে জীবনমুখী ও নাগরিক প্রতিবাদী ধারার অন্যতম পথিকৃৎ ছিলেন।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। অষ্টম শ্রেণি পর্যন্ত হবিগঞ্জে পড়াশোনা করার পর তিনি ঢাকায় চলে আসেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

‘শঙ্খচিল’ নামে একটি দলের সঙ্গে গান শুরু করেন তিনি। এরপর ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে যৌথভাবে ‘দলছুট’ ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন তিনি।

দলছুটের ব্যানারে তাঁর প্রকাশিত চারটি অ্যালবাম হলো— আহ্ (১৯৯৭), হৃদয়পুর (২০০০), আকাশচুরি (২০০২) এবং জোছনাবিহার (২০০৭)। এছাড়া তাঁর একমাত্র একক অ্যালবাম স্বপ্নবাজি।

তাঁর কণ্ঠে ও সুরে বহু গান বাংলা সংগীতে অমর হয়ে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— আমি তোমাকেই বলে দেবো, বায়োস্কোপ, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, গাড়ি চলে না, রিকশা কেন আস্তে চলে না, সাদা ময়লা রঙিলা পালে, এই নষ্ট শহরে, এবং চোখটা এত পোড়ায় কেন।

সংগীতের পাশাপাশি পেশাগত জীবনে তিনি ছিলেন একজন খ্যাতিমান ও আপসহীন সাংবাদিক। তিনি দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ এবং যায়যায়দিন-সহ দেশের প্রথম সারির পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বাংলাদেশের সংবাদপত্রে আধুনিক ফিচার পাতার বিকাশে তাঁর বিশেষ অবদান রয়েছে।

কবিতা, ছোটগল্প ও নাটকেও পদচারণা রেখেছেন সঞ্জীব চৌধুরী। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘রাশপ্রিন্ট’ সাহিত্যাঙ্গনে বেশ প্রশংসিত।

২০০৭ সালের ১৯ নভেম্বর মাত্র ৪২ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেইন হেমোরেজ) কারণে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

কিংবদন্তি সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়ান দিবসে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল