
(৬ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৬ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রা ও সেবার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের যে উদ্যোগ রয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ বলেন। এ সময় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। পরে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
এ সময় রেলমন্ত্রী বলেন, পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মূহুর্ত। অল্পতম সময়ে এটা নিরাপদ যাত্রা হবে। এটা সরকারের অঙ্গীকার, এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তারাও জনগণ যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখলো। তিনি বলেন, আমরা অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের রেলের মান, তার সার্ভিস এবং তার যাত্রা আগামী আরও নিরাপদ হবে ইনশাআল্লাহ।
এর আগে রেলওয়ে মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রী। সে সময় বক্তব্যে রেলমন্ত্রী রবিউল আলম বলেন, পাবনার উন্নয়ন অগ্রাধিকার পাবে। বিএনপি সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। পাবনার রেল যোগাযোগের উন্নয়নসহ সব উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
রেলমন্ত্রী বলেন, ‘চমৎকার এই বিকেলে খুবই আনন্দ লাগছে। সম্পূর্ণ নতুন ট্রেনে আপনাদের সঙ্গে ঢাকায় যাব। পাবনার সংসদ সদস্যের পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। তাই পাবনার দাবি অগ্রাধিকার পাবে। আধুনিক রেলের সব সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। রেল যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার কাজ করছে। গুরুত্বপূর্ণ রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়েছে। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ‘এটাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। ভোটের মাধ্যমে আপনারা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখব। বিএনপির ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়া হবে।’
পাবনার উন্নয়নে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা করে রেলমন্ত্রী বলেন, শিমুল বিশ্বাস আপনাদের হয়ে উন্নয়নের দাবি জানিয়েছেন। তিনি ওয়াই-টাইপ সেতু নির্মাণের জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছেন। তারেক রহমানও এ সেতু নির্মাণে উদ্যোগী হয়েছেন। সেতুটির অর্থায়নে আন্তর্জাতিক মহল থেকে বিপুল অর্থায়নের আগ্রহ রয়েছে। দ্রুততম সময়ে ওয়াই-টাইপ সেতুর কাজ সম্পন্ন করতে সরকার উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ প্রমুখ। উল্লেখ্য, পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল নিয়ে উচ্ছসিত পাবনাবাসী। বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় ছেড়ে গেলেও আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।