
(৬ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:০২ অপরাহ্ন
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
এ সময় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানান সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা বা নৈরাজ্যের স্থান এ দেশে নেই। যারা এ ধরনের সন্ত্রাস ও সহিংসতা করছে, তাদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতায় আনতে হবে।
অবস্থান কর্মসূচিতে পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।