banglahour

হবিগঞ্জের সম্পাদক হুমায়ুন কবিরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(৬ ঘন্টা আগে) ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৪১ পূর্বাহ্ন

 

হবিগঞ্জের ‘খবর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হুমায়ুন কবিরকে মাত্র ৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। একজন সম্পাদককে এভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল বলে মন্তব্য করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, একজন সম্পাদককে এভাবে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। একটি অভিযোগকে কেন্দ্র করে একজন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশককে হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। এটি গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা হামলা, মামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে। হুমায়ুন কবিরের ক্ষেত্রেও একটি কুচক্রী মহল তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে বলে বিএমএসএফ মনে করে।

এদিকে, কক্সবাজারের চকরিয়ার সাংবাদিক এম গিয়াস উদ্দিনকে ২০২৪ সালে সংঘটিত একটি টমটম পোড়ানোর মামলায় গ্রেফতারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বিএমএসএফের মতে, এ ধরনের ঘটনায় সাংবাদিকদের হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

বিবৃতিতে বিএমএসএফের পক্ষ থেকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।

একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, গ্রেফতার, নির্যাতন ও কণ্ঠরোধের অপচেষ্টা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

বিএমএসএফ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করা না হলে এবং সাংবাদিক হয়রানি বন্ধ না হলে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সংগঠনটি মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। তাই সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো অভিযোগের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণ পরিহার করা জরুরি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল