banglahour

বাসে যাত্রীর ছদ্মবেশে ইয়াবা পাচার, ৩৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(৬ ঘন্টা আগে) ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৪৩ পূর্বাহ্ন

 

দূরপাল্লার যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি দুই মাদক কারবারির। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় শাহ আমিন উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী স্বাধীন ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক পাচারকারীরা সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসে করে ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে একটি খয়েরি রঙের ট্রাভেল ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তবে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত তল্লাশিতে তাদের সেই কৌশল ভেস্তে যায়।

এ সময় ইয়াবা বহনের অভিযোগে মো. জোবায়ের (২০) ও মিলকি বড়ুয়া (৩৮) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রোর দক্ষিণ বিভাগের উপপরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে ডবলমুরিং সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দূরপাল্লার যাত্রীবাহী বাসকে মাদক পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার এবং জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার উৎস, চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ মাদক পাচারচক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক পাচারের নতুন নতুন কৌশল প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল