banglahour

টানা বৃষ্টিতে নাচোলে জনজীবন বিপর্যস্ত, পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪০ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় টানা তিন দিনের বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। নিম্নাঞ্চল ও গ্রামীণ এলাকার বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে মাঠে থাকা পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

টানা বৃষ্টিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। গ্রামীণ কাঁচা রাস্তা ও চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগ। বিশেষ করে কৃষিনির্ভর এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।

কৃষকদের আশঙ্কা, জমিতে পানি জমে থাকায় পাকা আমন ধান মাটিতে নুয়ে পড়তে পারে। এতে ধানের শীষ নষ্ট হওয়া, ধানে পচন ধরা এবং ফলন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে ধান কাটা ও মাড়াইয়ে বাড়তি খরচের আশঙ্কাও করছেন তাঁরা।

উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক আমির হোসেন বলেন, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ করে আমন ধানের আবাদ করেছেন। এখন ধান ঘরে তোলার সময় জমিতে পানি জমেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

কৃষক মনিরুল ইসলাম বলেন, পাকা আমন ধান কাটার এই সময়ে টানা বৃষ্টি তাঁদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধানের পাশাপাশি খড়ও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

এদিকে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। কাজ করতে না পারায় তাঁদের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে। উপজেলার নেজামপুর বাজারের ভ্যানচালক মন্টু আলী বলেন, প্রতিদিন ভ্যান চালিয়ে ৬০০ থেকে ৭০০ টাকা আয় করেন তিনি। কিন্তু গত তিন দিনের বৃষ্টিতে ভ্যান চালিয়েও ২০০ টাকা আয় করতে পারেননি। বৃষ্টি আরও এক-দুই দিন অব্যাহত থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্দীপনা সরকার বলেন, চলতি আমন মৌসুমে উপজেলায় ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা করা হচ্ছে। এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা আর না বাড়লে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকেরা কিছুটা লোকসানের মুখে পড়তে পারেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল