banglahour

মুক্তাগাছায় নবীন শিক্ষার্থীদের বরণ, মাদক-জুয়ামুক্ত সমাজ গড়ার আহ্বান

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(২ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪৪ অপরাহ্ন

 

ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ফুলেল শুভেচ্ছা, অতিথিদের দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: ছফির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী, শিক্ষাবিদ ও পাঠ্যক্রম বিশেষজ্ঞ আফরোজা সুলতানা খান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজের প্রকাশনা ‘স্বর্ণালী উত্তরাধিকার’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন অতিথিরা।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, উচ্চশিক্ষার এই নতুন অধ্যায় জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বক্তারা মাদক, জুয়া ও ইভটিজিংমুক্ত মুক্তাগাছা গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান।

পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। আনন্দ-উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের প্রত্যাশায় শেষ হয় নবীনবরণ-২০২৬ অনুষ্ঠান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল