banglahour

গোমস্তাপুরে গোপনে সার পাচারের সময় ৬৭ বস্তা জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১৫ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৪:১৩ পূর্বাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ কাগজপত্র ছাড়া গোপনে সার পরিবহনের সময় ৬৭ বস্তা সারসহ একটি মাহিন্দ্র পিকআপ আটক করেছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সোয়া ০৯টার দিকে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় পুলিশের টহলদল অভিযান চালিয়ে এসব সার জব্দ করে।

পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রাতে আড্ডা থেকে রহনপুরগামী একটি মাহিন্দ্র পিকআপে তল্লাশি চালিয়ে ৬২ বস্তা ডিএপি ও ৫ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এ সময় শিবগঞ্জ উপজেলার বালুরচর গ্রামের জাহাঙ্গীর আলম এবং পিকআপচালক আলম আলিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানান, নওগাঁর সাপাহার উপজেলার দিঘারবাজার থেকে সার নিয়ে শিবগঞ্জে যাচ্ছিলেন। তবে সার পরিবহনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সারসহ পিকআপটি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। এ সময় জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা ৬৭ বস্তা সার গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগের জিম্মায় দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান জব্দ করা সার বুঝে নেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল