banglahour

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(৩৫ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫১ অপরাহ্ন

হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এই আবেদনটি করেন।

ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা এই মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর কথা ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করার পরও তিনি উপস্থিত না হওয়ায় বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন।

আবেদনে আরও অভিযোগ করা হয়, মামলা হওয়ার পরও বিবাদী ফেসবুকে বাদীকে উদ্দেশ করে বিভিন্ন কটূক্তি ও আপত্তিকর মন্তব্য চালিয়ে যাচ্ছেন।

প্রশাসনিক কারণে এদিন আবেদনের ওপর কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

একটি অনুষ্ঠানের জন্য ৭৫ হাজার টাকার শাড়ি ধার নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সানায়া।

তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চলতি বছরের ২৫ মে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানায়, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাদীপক্ষ এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে গত ২৫ অক্টোবর আদালত তা মঞ্জুর করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নতুন করে তদন্তের নির্দেশ দেন।

সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনই তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নতুন এই মামলাটি করেন সানায়া। অভিযোগে বলা হয়, আগের মামলাটি প্রত্যাহারের জন্য ফোনে ও পল্লবীর বাসায় লোক পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল