
(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:২৬ পূর্বাহ্ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) হলের একটি সিট দখল নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ৭১৭ নম্বর কক্ষে নাঈম হোসেন অবস্থান করতেন। পরবর্তী সময়ে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে স্থানান্তরিত হলে তাঁর আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন এতে আপত্তি জানান। পরে তিনি ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন বলে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হন।
পরে নিচতলায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।
এ বিষয়ে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, গেস্ট রুমে অবস্থানরত সভাপতি গ্রুপের কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমি যতটুক দেখেছি রুম দখলকে কেন্দ্র করে ঘটনা ঘটে। সমাজকর্ম বিভাগের সিট নিয়ে এ সংঘর্ষ শুরু হয়। আমি যখন আসলাম তখন সবার মধ্যে মারামারি শুরু হয়। দুই গ্রুপেই সিট দখল করার জন্য বলে এই সিট আমার অন্য গ্রুপ বলে এই সিট আমার। ধাক্কাধাক্কি শুরুর পরবর্তীতে দফায় দফায় এ মারামারি ক্যাম্পাসজুড়ে চলে আসে। পরে দেখলাম বহিরাগত কিছু লোক অস্ত্র নিয়ে এখানে আসে। মারামারির মাঝে এক পর্যায়ে একজনকে ছুরি মারলে দুই গ্রুপের মধ্যে আরো উত্তেজনা তৈরি হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের উপর দোষ চাপাচ্ছে।
হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আমরা সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসছি। বোর্ড মিটিং শেষে সব প্রশ্নের উত্তর দিবো।