banglahour

এবার পাল্টা মামলা করলেন অভিনেত্রী তিশা

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:৫৮ অপরাহ্ন

ফ্যাশন ডিজাইনার সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শাড়িকাণ্ডকে কেন্দ্র করে চলমান পাল্টাপাল্টি অভিযোগের জেরে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন।

গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন।

মামলায় ফ্যাশন ডিজাইনার সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরাকে দুই নম্বর আসামি করা হয়েছে।

একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করে তাঁর সম্মানহানি করার অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-কে দায়িত্ব দিয়েছেন।

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন সানায়া চৌধুরী। পরবর্তীতে ২০২৬ সালের ২৬ অক্টোবর হুমকির অভিযোগে আরেকটি মামলা করেন তিনি।

২৩ নভেম্বর আদালতে হাজির না হওয়ায় সানায়ার পক্ষ থেকে তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত সেই আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ৮ নভেম্বর সানায়া আনাম নিজেও তিশার বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে একটি মানহানির মামলা করেছিলেন, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল