banglahour

বাঁশির সুরে-বিরহী কণ্ঠে বারী সিদ্দিকী বেঁচে আছেন ভক্ত অনুরাগীদের হৃদয়ে

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:০৫ অপরাহ্ন

বারী সিদ্দিকী বাংলাদেশের একজন প্রখ্যাত লোকসংগীত শিল্পী, গীতিকার এবং বংশীবাদক। তিনি তাঁর দরদভরা কণ্ঠে গ্রামীণ লোকসংগীত, বিচ্ছেদ ও আধ্যাত্মিক ধারার গানের জন্য বিশেষভাবে পরিচিত।

বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় এক সংগীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সংগীতের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। তার পুরো নাম আবদুল বারী সিদ্দিকী।  বারী সিদ্দিকী নেত্রকোনা সরকারি কলেজ থেকে পড়াশোনা করেন।

গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার বহু আগে থেকেই তিনি উপমহাদেশের একজন দক্ষ বংশীবাদক হিসেবে সুপরিচিত ছিলেন। ১৯৯৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর দরদভরা কণ্ঠে গাওয়া ‘শুয়াচান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পুবালি বাতাসে’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ প্রভৃতি গান আজও শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছে।

লোকসংগীতের চর্চা, সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে বারী সিদ্দিকী নিজ জেলা নেত্রকোণায় ‘বাউলবাড়ি’ প্রতিষ্ঠা করেছিলেন।

আজ ২৪ নভেম্বর প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আজকের এই দিনে সংগীতপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছেন। কিংবদন্তি লোকসংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল