banglahour

নামের মিলে ১৮ বছর কারাবাস: প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাট কারাগারে বাদল ফরাজী স্থায়ী মুক্তির দাবি পরিবারের

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২৭ মিনিট আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৪২ অপরাহ্ন

 


নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়।


পুলিশ পাহারায় তাঁকে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কখন নাগাদ তাঁকে প্যারোলে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। প্রশাসন জানিয়েছে, আজ (মঙ্গলবার) রাতে অথবা আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হতে পারে।


বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় বাদলকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে আসা হয়েছে। পরিবারের কাছে তাঁকে পৌঁছে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া চলছে।


এর আগে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে তাঁর প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়েছিল।

 

এদিকে, দীর্ঘ ১৮ বছর পর ভাইকে কাছে পাওয়ার খবরে বাড়িতে ঘর গুছিয়ে ও সাজিয়ে রেখেছেন স্বজনরা। তবে প্যারোলে নয়, তাঁর স্থায়ী মুক্তির দাবি জানিয়েছে পরিবার।


বাদল ফরাজীর মা শেফালী বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “মিথ্যা মামলায় এতদিন আমার ছেলেকে আটকে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম তাকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক। স্থায়ী মুক্তি না দিয়ে প্যারোলে মুক্তি দেওয়ায় আমরা পুরোপুরি মেনে নিতে পারছি না। আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই।”


বড় বোন আকলিমা বেগম বলেন, “ভাইকে কাছে পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে বাড়িতে ফিরে কোথায় থাকবে, তার জন্য ঘর ও আনুষঙ্গিক সবকিছু গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে। প্যারোলে মুক্তির বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও দীর্ঘদিন পর ভাইকে কাছে পাচ্ছি ভেবে আমরা আনন্দিত।”

 

প্রসঙ্গত, ২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নির্মলা মাদান (৭১) নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডে ভারতীয় পুলিশ নিহত নারীর গৃহকর্মী ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল। ঘটনার দুই মাস সাত দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই তাজমহল দেখার উদ্দেশ্যে পর্যটক ভিসায় ভারতে যান মোংলার অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাদল ফরাজী।
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নামের মিলের কারণে তাঁকে হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে গ্রেফতার করে। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় সে সময় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি তিনি। পরে পাসপোর্ট, ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ নথিপত্র উপস্থাপন করা হলেও মুক্তি মেলেনি।
২০১৫ সালের ২২ আগস্ট দিল্লির আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকাকালে তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে দেশে ফিরিয়ে এনে প্রথমে কেরানীগঞ্জ ও পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দীর্ঘ আইনি ও মানবাধিকারকর্মীদের প্রচেষ্টার পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল