banglahour

পাবনায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে ডিলারসহ দুইজনের ৪৮ হাজার টাকা জরিমানা

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক,পাবনা।

(১ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৯:৪৫ অপরাহ্ন


‎পাবনায় বরাদ্দকৃত সার কৃষকদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে মজুত এবং সার বিতরণের রেজিষ্টার সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে দুই ডিলারকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি গোডাউন থেকে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।  
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পাবনা শহরের জুবিলী ট্যাংক এলাকা এবং সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারের বিসিআইসি ডিলার আরকে ট্রেডার্সের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ন্যায্যমূল্যের সার শহরের একটি গোপন গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। কৃষকদের কাছে বিক্রি না করে সেগুলো কালোবাজারিতে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শহরের গনি বিহারীর মিলের সামনে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে সার কৃষকদের মাঝে বন্টন করতে নির্দেশ দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ডিলার আরকে ট্রেডার্সের স্বত্বাধিকারী কাদের বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে অভিযান চালিয়ে সার বিতরণের রেজিষ্টার সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে সার ডিলার হিরোক ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা।
‎
‎স্থানীয় কৃষকদের অভিযোগ, বিসিআইসি ডিলার আরকে ট্রেডার্সের মালিক কাদের বিশ্বাসের ম্যানেজার কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বরাদ্দের একটি বড় অংশের সার কৃষকদের মধ্যে বিতরণ না করে সুকৌশলে বিভিন্ন দোকানির কাছে বেশি দামে বিক্রি করে আসছেন। সন্ধ্যার পর চুক্তিবদ্ধ দোকানিদের ফোন করে ডেকে এনে এসব সার বিক্রি করা হয়। বরাদ্দের দিন সার বিতরণে ব্যাপক ধীরগতি ও সময়ক্ষেপন করে।
‎
‎অভিযোগ রয়েছে, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হয় দোকানিদের কাছে। ১ হাজার ৩৫০ টাকার ইউরিয়া সার ১ হাজার ৫৫০ টাকা, ১ হাজার ৫০ টাকার ডিএপি সার ১ হাজার ৫০০ টাকা এবং ১ হাজার ৩৫০ টাকার টিএসপি সার ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এমনকি টিএসপি সার কৃষকদের মধ্যে বিতরণ না করারও অভিযোগ রয়েছে।
‎
‎পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জাকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বিসিআইসি ডিলারের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সার শহরের একটি স্থানে অবৈধভাবে বিক্রির চেষ্টা চলছে বা মজুদ করা রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল