banglahour

দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য করার দায়ে দুইজনের যাবজ্জীবন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৪:৫৬ অপরাহ্ন

 

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য ও নির্যাতনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা মজি ফকির ও তার বাড়ির ভাড়াটিয়া রোজী সরদারনি। রায়ের সময় তারা পলাতক ছিলেন। এছাড়া একই আইনের ১১ ধারায় তাদের প্রত্যেককে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির কথা বলে কনা আক্তার নামে এক নারীকে দৌলতদিয়ায় নিয়ে আসেন রোজী। সেখানে মজি ফকিরের বাড়িতে আটকে রেখে তাকে দেহব্যবসায় বাধ্য করা হয়। এতে রাজি না হওয়ায় ওই বছরের ১৭ নভেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠ দিয়ে তাকে নির্মমভাবে পেটানো হয়। পরে স্থানীয়দের খবরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে স্থানীয় এনজিও ও এক সাংবাদিকের সহায়তায় তিনি গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন, যাতে বাদী ন্যায়বিচার পেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল