banglahour

চুয়াডাঙ্গার মিনাজপুর গ্রামে শারীরিক নির্যাতনে আব্দুল খালেকের মৃত্যু; তালাক দেয়া স্ত্রী ও তার দু'ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩৮ মিনিট আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৪৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে পিটুনি ও শারীরিকভাবে নির্যাতনে গুরুতর আহত আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আব্দুল খালেকের তালাক দেয়া স্ত্রী ও তার দু'ভাইয়ের বিরুদ্ধে তাকে পিটিয়ে ও নির্যাতন করার অভিযোগ উঠেছে।


মৃত আব্দুল খালেক উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার আজের বক্সের ছেলে।
গ্রামবাসীরা জানান, এদিন বিকালে উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠে  আব্দুল খালেককে একা পেয়ে ৪ বছর আগে তালাক দেয়া দেয়া স্ত্রী ও ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুন এবং তার দু'ভাই ওসমান (৪০) ও ইসমাইল (৩৫) মারপিট এবং শারীরিকভাবে নির্যাতন করে। বিবাহবিচ্ছেদের পরও সাবেক শ্বশুরবাড়ীর লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিলো। তার বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দেয়া হয়। ওই মামলায় তিনি বেশ কিছুদিন কারাগারে ছিলেন। দেড় মাস আগেও পাপিয়া খাতুন ও তার দুই ভাই ওসমান এবং ইসমাইল তাকে মারধর করে আহত করেছিলো।


নিহতের ছেলে জিনারুল বলেন, ৪ বছর আগে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তারা আলাদা বসবাস করতেন। কিন্তু আমার মা ও মামারা বিভিন্ন সময় আমার বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তারা আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করেন। আমার বাবাকে মারধর করে মিনাজপুরের একটি মাঠে ফেলে রাখা হয়েছিলো। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, বাবার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ার প্রস্তুতি চলছিলো। কিন্তু তার আগেই বাবা মারা যান।


জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.তৌহিদুর রহমান জানান, রাত ৮টার দিকে সারা শরীরে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক নামে এক রোগী হাসপাতালে ভর্তী হন। তখন তিনি জীবিত ছিলেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালে মারা যান।


জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে পৌঁছায়। এ সময় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মরদেহের ময়না তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবেক স্ত্রী'র পরিবারের সঙ্গে পূর্বের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
                   

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল