
(২ ঘন্টা আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩৭ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলা বিএনপি নেতা ও হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৫ টার সময় উপজেলার হরিনাথপুর বাজারে হামলার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
জানাযায় স্থানীয় কিছু সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা রফিক লাঠিয়াল এর হুকুমে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
যুবদল নেতা সুজন সরদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাদল মুন্সি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।
এদিকে, খালেক মাঝির ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য গত বুধবার সকাল এগারোটায় চরছয়গাও গ্রামে জমি দ্বন্দ্বে বিএনপির নেতা আব্দুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলা চালায়। তাৎক্ষনিক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হিজলা থানা পুলিশ ইতিমধ্যে ৩ জন আসামি কে আটক করেছেন।
তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে হামলার ঘটনায় পুলিশের বক্তব্য, মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা এবং হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।