banglahour

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৪ ঘন্টা আগে) ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ৬:৫১ অপরাহ্ন

ভারতে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভিপিএন, প্রক্সি সার্ভার এবং গোপন প্রদর্শনীর মাধ্যমে পাকিস্তানি রোমান্টিক ধারাবাহিক নাটক ‘দার-ই-নিজাত’ (Dar-e-Nijaat) দেখে ব্যাপক উন্মাদনায় মেতেছেন ভারতীয় দর্শকরা। সম্প্রতি আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে এই খবরটি উঠে এসেছে।

২০২৫ সালের এপ্রিলে সীমান্ত উত্তেজনার পর তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারার অধীনে ইউটিউব, নেটফ্লিক্স ও স্পটিফাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানি চ্যানেল (যেমন এআরওয়াই ডিজিটাল, হাম টিভি, জিও টিভি) এবং বিনোদনমূলক কনটেন্ট নিষিদ্ধ করে ভারত।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই ভারতে ভিপিএন ব্যবহারের হার বহুগুণ বেড়ে যায়। এআরওয়াই এন্টারটেইনমেন্টের তথ্যমতে, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশই আসছে ভারতীয় দর্শকদের কাছ থেকে।

অনলাইনের পাশাপাশি দিল্লি, হায়দারাবাদ ও বেঙ্গালুরুর মতো শহরগুলোতে দর্শকরা গোপনে দলবদ্ধভাবে নাটকটি দেখার আয়োজন করছেন। সম্প্রতি নয়াদিল্লিতে ৪৫ জনের জন্য আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে ৭০০ জনেরও বেশি মানুষ আবেদন করেছিলেন। তবে বেঙ্গালুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারপত্র ছড়িয়ে পড়ায় ও সমালোচনার মুখে দুটি প্রদর্শনী বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।

‘দার-ই-নিজাত’ নাটকটির গল্প মূলত জারিয়াব নামের এক তরুণী, তার শৈশবের ভালোবাসা জামিল এবং প্রধান পুরুষ চরিত্র ‘আবু বকর’-কে ঘিরে আবর্তিত হয়েছে।

নাটকটিতে আবু বকর চরিত্রের সংবেদনশীল ও সহানুভূতিশীল আচরণ ভারতীয় দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রবাদও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে— "সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে"।

বিশ্লেষকদের মতে, অভিন্ন সাংস্কৃতিক আবহ, বাস্তবসম্মত গল্প বলার ধরন এবং মুসলিম চরিত্রগুলোর গতানুগতিকতার বাইরের উপস্থাপন ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি নাটকগুলোকে এতটা জনপ্রিয় করে তুলেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল