
(৭ ঘন্টা আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১:৫৯ পূর্বাহ্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কম্বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তার পাশে অবস্থিত জসিমের সেগুন বাগানের ঝোপের ভেতর থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিঃ) রতন কান্তি দে এবং এএসআই (নিঃ) মো. সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সেগুন বাগানের ভেতরে সন্দেহজনকভাবে তল্লাশি চালানো হলে ঝোপের মধ্যে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি নজরে আসে। পরে সেখান থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে উদ্ধার করা ইয়াবাগুলোর মালিকানা কিংবা এগুলো সেখানে কারা রেখেছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলাকে কেন্দ্র করে মাদক পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তপথে মাদকের অনুপ্রবেশ ও দেশের অভ্যন্তরে এর বিস্তার ঠেকাতে নিয়মিত নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার মাদকবিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে শুধু মাদক উদ্ধার নয়, এর পেছনে থাকা সরবরাহকারী, পরিবহনকারী ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এখন পুলিশের অন্যতম লক্ষ্য।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।