
(৬ ঘন্টা আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৭ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনসিসি নেভাল উইংয়ের নবীনবরণ অনুষ্ঠান পরিণত হলো সাবেক ও বর্তমান ক্যাডেটদের এক বর্ণাঢ্য মিলনমেলায়। নবীনদের বরণ, স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, আলোচনা, আড্ডা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক ফাহিম ফয়সাল। তাঁর হৃদয়গ্রাহী সংগীত পরিবেশনা, গানের গল্প এবং উপস্থিত অতিথি ও ক্যাডেটদের অনুরোধে একের পর এক গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পায় বাড়তি প্রাণ ও আনন্দ।
গত ২৭ নভেম্বর, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) কন্টিনজেন্টের শহীদ সার্জেন্ট রুমী ভবন অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেভাল উইংয়ের বর্তমান সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) মো. সোহেল ও রিজিয়া পারভীন রিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে নবীন ক্যাডেটদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি নেভাল উইংয়ের প্রথম সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) ও ডুয়েনকা'র (ঢাকা ইউনিভার্সিটি এক্স-নেভাল ক্যাডেটস অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম শাহিন, সাবেক সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) ও ডুয়েনকার সাবেক সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) ড. হাফিজ উদ্দীন ভূঁঞা, পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) মেহেদী হাসান, মমিন মিঞা (নির্বাচন কমিশন কর্মকর্তা), সাবেক সিইউও মশিউর রহমান (দুদক কর্মকর্তা), মাহবুবুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা), সালেহ সিদ্দিক (অনিক), সেলিম সরকার, শান্ত প্রমুখ।
নবীন ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে নেভাল উইংয়ের প্রথম সিইউও ও ডুয়েনকার প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম শাহিন বলেন, “তোমাদের সবসময় বিএনসিসির প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি ব্যক্তি জীবনের শৃঙ্খলা ও পড়ালেখায়ও ভালো করতে হবে। তবেই জীবনে উন্নতি করার পাশাপাশি দেশ, জাতি ও পরিবারের জন্য অবদান রাখা সম্ভব হবে।”
সাবেক সিইউও ও ডুয়েনকার সাবেক সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন নবীনদের উদ্দেশে বলেন, শৃঙ্খলা বজায় রেখে নিজেদের সুনাম অর্জন করতে হবে। একই সঙ্গে নবীন ও প্রবীণদের পাশাপাশি সবার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মিশতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সংগঠনের বন্ধন আরও দৃঢ় করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) ড. হাফিজ উদ্দীন ভূঁঞা ও মেহেদী হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক সিইউও মশিউর রহমান, সাবেক সিইউও মাহবুবুর রহমান, সংগীতশিল্পী ফাহিম ফয়সাল, সালেহ সিদ্দিক (অনিক) ও অন্যান্যরা। তাঁদের বক্তব্যে নবীন ক্যাডেটদের প্রশিক্ষণ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং শিক্ষাজীবনে ভালো ফলাফলের গুরুত্ব উঠে আসে।
আলোচনা ও স্মৃতিচারণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান ক্যাডেট কর্পোরাল আবু সাঈদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বের সূচনা হয়। আয়োজনে নৃত্য পরিবেশন করেন বর্তমান ক্যাডেট কর্পোরাল সাবিকুন নাহার তিশা, মার্জিয়া হৃদি, অহনা, এস. এম. নাজমুস সাকিব এবং ক্যাডেট সুহাইল মাহদীন। গান, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক পর্বটি হয়ে ওঠে উপভোগ্য।
তবে সাংস্কৃতিক আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল সংগীতশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক ফাহিম ফয়সালের পরিবেশনা। বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি তাঁর সংগীত পরিবেশনার মাধ্যমে মাতিয়ে রাখেন নবীন-প্রবীণসহ উপস্থিত সবাইকে। পরিচিত ও অনুরোধের গানের পাশাপাশি গান গল্পে স্মৃতিচারণ এবং সাবলীল উপস্থাপনায় তিনি তৈরি করেন এক আন্তরিক ও প্রাণবন্ত আবহ। তাঁর পরিবেশনায় উপস্থিত ক্যাডেট ও অতিথিরা কখনো গানের সুরে মেতে ওঠেন, কখনো গানের গল্পে ফিরে যান স্মৃতির আঙিনায়। সব মিলিয়ে তাঁর মনোজ্ঞ পারফরম্যান্স নবীনবরণ অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে সংগীতের এই পর্ব হয়ে ওঠে উপস্থিত সবার জন্য উপভোগ্য এক বিশেষ মুহূর্ত।
অনুষ্ঠানে বর্তমান ক্যাডেটদের মধ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সাবেক ও বর্তমান ক্যাডেটদের মধ্যে দীর্ঘদিনের স্মৃতি রোমন্থন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত হয়।
সব মিলিয়ে নবীনদের বরণ করার আনুষ্ঠানিকতা ছাপিয়ে আয়োজনটি পরিণত হয় প্রজন্মের পর প্রজন্মের নেভাল ক্যাডেটদের এক আন্তরিক পুনর্মিলনীতে। সাবেকদের অভিজ্ঞতা, বর্তমানদের উদ্যম এবং নবীনদের স্বপ্ন ও প্রত্যাশার সম্মিলনে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর্তমান ক্যাডেটদের সঙ্গে ভবিষ্যতেও একসঙ্গে পথচলার প্রত্যয় ব্যক্ত করেন ডুয়েনকা নেতৃবৃন্দ। সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার মাধ্যমে নেভাল উইংয়ের অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
শৃঙ্খলা, নেতৃত্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ফাহিম ফয়সালের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি নেভাল উইংয়ের এই নবীনবরণ অনুষ্ঠান হয়ে ওঠে স্মরণীয় এক আয়োজন—যেখানে নবীনদের আগমন, প্রবীণদের ফিরে আসা আর সংগঠনের ঐতিহ্য ও বন্ধন নতুন করে উদ্যাপিত হয়।