banglahour

অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি অনুষ্ঠিত

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(২৭ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ৩:০৯ অপরাহ্ন

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রথম চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।  এদিন চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি অনুষ্ঠিত হয়। তারা সশরীরে উপস্থিত ছিল না। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য আসামিদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেন আদালত। চার আসামির মধ্যে দুই অপ্রাপ্তবয়স্ক আসামির শুনানি অনুষ্ঠিত হয় কুমিল্লা আদালতের নারী ও শিশু ট্রাইবুনাল-১ আদালতে।

এই আদালতের বিচারক মো. ইয়াসির আরাফাত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। ওইদিন এই প্রথম সাক্ষ্য উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। 
নারী ও শিশু ট্রাইবুনাল -১ এর সরকারি কৌঁসুলি মো. বদিউল আলম সুজন শুনানি শেষে জানান,  অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তারা এজলাসে উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি চার্জ গঠন করা হয়। 
শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার জানান, মামলার বিচারই কার্যক্রমের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি প্রত্যাশা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য যে কথা দিয়েছিলেন তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ হবে, সেভাবেই বিচার কার্যক্রম চলবে। এদিকে বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি আজ অনুষ্ঠিত হয়নি।

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল