
(২৬ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ৩:১০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কালিনগর ইংলিশ মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির ভয়াবহতা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।
এ সময় স্থানীয় জনগণ মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।