banglahour

রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৯ মে ২০২৩, সোমবার, ৩:০৩ অপরাহ্ন

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে। আজ ২৯ মে ২০২৩ তারিখ শুরু হয়ে ০৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।

সোমবার (২৯মে) সকালে গুলশানস্থ বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা।

উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশনায় বর্ষা মৌসুমের শুরুতেই আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আজ থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযানে ব্যাপক প্রচারণা চালানো হবে। আমাদের মশক কর্মীদের পাশাপাশি আগামীকাল থেকে বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও মাঠে নামবে।'

তিনি আরও বলেন, 'শুধু সিটি কর্পোরেশন একা নয় বরং ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সচেতনতা প্রয়োজন। জনগণ সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমরা নিজেরাই এডিসের লার্ভার প্রজননক্ষেত্র তৈরি করি। বাসা বাড়িতে, ছাদবাগানে পানি জমিয়ে রেখে লার্ভা সৃষ্টি করছি। সিটি কর্পোরেশনের কর্মীদের পক্ষে বাড়িতে বাড়িতে ঢুকে এসব লার্ভা ধ্বংস করা সম্ভব হয় না। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।'

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সেলিম রেজা বলেন, 'ডেংগুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের পাশাপাশি বিএনসিসি ও স্কাউটকে যুক্ত করেছি। ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ৪০০মিটার×৪০০মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। আমি বিশ্বাস করি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।'

ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবে এবং লার্ভা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়ন, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল