banglahour

সহ্যের সীমা লঙ্গন হলে পরিণাম ভাল হবে না- বিএনপি'র উদ্দেশ্যে নানক

রাজনীতি |

(৪ বছর আগে) ১ অক্টোবর ২০২২, শনিবার, ১০:৩২ অপরাহ্ন

সাংবাদিকদের ব্রিফ করছেন এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের মধ্যেও সহ্যের সীমা রয়েছে। সেই সহ্যের বাঁধ যদি ভেঙ্গে যায় তার ফল ভাল হবে না। আমরা চাই দেশে শান্তি শৃংখলা এবং গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার জন্য। জনগণের শান্তি শৃংখলা জানমাল নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগও জনগণকে সাথে নিয়ে তার ভূমিকা পালন করবে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হাজারীবাগে বিএনপি'র নেতাকর্মীদের হামলার ঘটনায় আগারগাঁও পঙ্গু হাসপাতলে চিকিৎসাধীন দলীয় কর্মীদের খোঁজখবর নিতে যান।
আহত কর্মীদের খোঁজখবর নেয়া শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতারা।

এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় বহন করা হবে বলেও আহতদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন নেতারা। এ ধারাবাহিকতায় আহতদের পরিবারের সদস্যদের আর্থিক স্বচ্ছলতার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

হাজারীবাগে বিএনপির কর্মসূচি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহতদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, শাহ আলমের অবস্থা
অত্যন্ত সংকটজনক। আইরিনের দুই হাত ভেঙ্গে দিয়েছে এবং আবদুল্লাহ এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আবদুল্লাহর শরীরে ১৮টি সেলাই লেগেছে এবং তার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। সে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, এই অবস্থা বিএনপি-জামায়াত সারাদেশব্যাপী চালাচ্ছে। শুধু আওয়ামী লীগকে লক্ষ্য করে নয় তারা দেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী,পুলিশ বাহিনীর উপর অতর্কিত হামলা করছে। এদের খাসিলত কোনদিনই ভাল হল না। এরা ২০০৯ সাল থেকেই একই অবস্থা সৃষ্টি করেছে। অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, রাজনীতির নামে এরা সন্ত্রাসীর পথ বেছে নিয়েছে। সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছে। ট্রেন লাইন উপড়ে ফেলেছে।
সাবেক মন্ত্রী নানক বলেন, আমরা পরিস্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের মধ্যেও একটি সহ্যের সীমা রয়েছে। সেই সহ্যের বাঁধ যদি ভেঙ্গে যায় তার ফল ভাল হবে না।
আমরা চাই দেশে শান্তি শৃংখলা এবং গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার জন্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল