banglahour

গণমাধ্যমকর্মীদের মতে গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগ হস্তক্ষেপের শামিল- তথ্যমন্ত্রী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১০:৪৭ পূর্বাহ্ন

রাজশাহী: মার্কিন ভিসানীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভিসানীতি একটি বিচ্ছিন্ন বিষয়। তারা কাকে ভিসা দেবে না দেবে সেটা তাদের ব্যাপার। এটি নিয়ে আমরা মাথা ঘামাইনা। তবে মার্কিন রাষ্ট্রদূতের একটি কথায় আমি উদ্বিগ্ন। কারণ তিনি বলেছেন, ভিসানীতির আওতায় গণমাধ্যমও আসবে।'

তিনি বলেন, 'আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে এবং অত্যন্ত শক্তিশালী। আর শক্তিশালী, স্বাধীন গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং কোন যুক্তিতে গণমাধ্যমের ওপর ভিসানীতি কার্যকর হবে সেটি আমার বোধগম্য নয়। গণমাধ্যমের সাথে সাংবাদিক, কলামিস্ট যারা যুক্ত আছেন তারা মনে করছেন এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ।'

মঙ্গলবার বিকেলে রাজশাহী শহরের পাঠানপাড়ায় বাংলাদেশ আওয়ামী যুব লীগের রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, 'অন্য কোনো দেশ আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা সমীচীন নয়। গণমাধ্যমকর্মীরা ও এর সাথে সংশ্লিষ্টরা এটি মেনে নিতে পারে না।'

আওয়ামী যুবলীগকে আওয়ামী লীগের অগ্রগামী বাহিনী ভ্যানগার্ড হিসেবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশকে যারা সন্ত্রাসের অভয়রাণ্য বানাতে চাচ্ছে, যারা সন্ত্রাসী কর্মকান্ড করছে, দেশকে যারা বিশ্ববেনিয়াদের ক্রীড়াক্ষেত্র বানানোর অপচেষ্টা চালাচ্ছে, বাংলাদেশকে যারা পেছনে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের ভ্যানগার্ড হচ্ছে যুবলীগ।'

তিনি বলেন, 'সমস্ত ষড়যন্ত্রের বিষদাঁত যুবলীগ ইনশাআল্লাহ ভেঙ্গে দেবে এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পরপর চতুর্থবার তথা পঞ্চমবারের প্রধানমন্ত্রীর আসনে আসীন করে আমরা ঘরে ফিরে যাবো।'

আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এ সম্মেলন উদ্বোধন করেন। রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মো: রমজান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন  ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুর সঞ্চালনায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল প্রধান বক্তা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, আওয়ামী লীগের রাজশাহী মহানগর সভাপতি মোহাম্মদ আলী কামাল, জেলা শাখার সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ সম্মেলনে অতিথির বক্তৃতা দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল