banglahour

বিএনপির সঙ্গে কোন আপোষ করবে না আওয়ামী লীগ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৩, শনিবার, ৬:৪৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে কোন আপোষ করবে না আওয়ামী লীগ। ৩৬ দিনের আল্টিমেটাম শেষে দেখা যাবে কার গায়ে কত বল। কে কাকে অচল করে দিবে। নারায়ণগঞ্জের এই জনতাই যথেষ্ট বিএনপিকে অচল করে দিতে। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।

তিনি শুক্রবার  বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন।

বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য,  অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাচ্ছেন দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে। আজকের সংকটকে সম্ভাবনায় রুপ দিতে। বরং ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিই ঘুরাফিরা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়কের কথা বলে না, শেখ হাসিনার পদত্যাগ, সংসদের বিলুপ্তি, স্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ চায় না।

কিসের ওপর ভর করে ঘুরাফিরা করছে বিএনপি?  প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, মির্জা ফখরুলের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি গণতন্ত্র জানে না, জানে স্বৈরতন্ত্র। এই বিএনপি থেকে সাবধান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে সরকারের সময় নাকি শেষ। আজরাইল নাকি শেখ হাসিনার মাথার ওপর  ঘুরছে, আওয়ামী লীগের জান কবজ করতে।

ফখরুল সাহেব, বিএনপির সময় শেষ। আজরাইল বিএনপি নেতাদের গলা টিপে ধরবে। কি মিথ্যাবাদী এই বিএনপি!  মিথ্যাচার ও গুজব এটাই বিএনপির রাজনীতি।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। নতুবা এ ভূতে বিএনপি শুদ্ধ খাবে।

দেশের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা যা দিয়েছেন ভোটের মাধ্যমে তার প্রতিদান দিন। তাঁকে ভোট দিলে সামনের দিনগুলোতে আরো পাবেন।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক , সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য শামীম ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ সহ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল